img

নানা কারণে বিশ্বজুড়ে বড় শহরগুলোতে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই এর মারাত্মক প্রভাবের মধ্যে রয়েছে মেগাসিটি ঢাকা।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, ১৪৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে রয়েছে ঢাকা।

এই মাত্রার বায়ুদূষণ বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দীর্ঘদিন ধরে দূষণের চাপে থাকা ঢাকাবাসীর জন্য এটি নতুন করে স্বাস্থ্যঝুঁকির সতর্কবার্তা দিচ্ছে।

বৈশ্বিক তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, যার একিউআই স্কোর ১৯৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৮৫) এবং তৃতীয় স্থানে সেনেগালের রাজধানী ডাকার (১৭৩)। এছাড়া ভারতের দিল্লি (১৬৭) চতুর্থ এবং ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৮) পঞ্চম অবস্থানে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শিল্পকারখানার ধোঁয়া, যানবাহনের নির্গমন এবং অপরিকল্পিত নগরায়নের কারণে বিশ্বজুড়ে বায়ুদূষণ দ্রুত বাড়ছে।

বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বায়ুদূষণ বেশি থাকলে শিশু ও বয়স্কদের ঘরের ভেতরে থাকা উচিত এবং অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলা প্রয়োজন।

ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই উদ্যোগ না নিলে জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে নদী দখল ও পরিবেশ দূষণের কারণে সামগ্রিক ইকো-সিস্টেম  হুমকির মুখে পড়ছে, যা বায়ুর মানের গুণাগুণকেও পরোক্ষভাবে প্রভাবিত করছে।

এই বিভাগের আরও খবর